তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। সরকারের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করা হলেও তাতে বাধা দেওয়া হবে না। তবে রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা সবাই করতে পারে। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সরকারের বিরুদ্ধে বলার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা। সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, তথ্য কর্মকর্তা মীর আক্রাম উদ্দিন আহমেদ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
