দৈনিক তাড়াইল নিউজ পেজসহ বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে “ইমাম পরিচয়ে প্রায় ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ” শিরোনামে প্রকাশিত ও প্রচারিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদগুলোতে আমাকে ও আমার পরিবারকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকাশিত সংবাদের বিষয়ে আমার বক্তব্য হলো, আমি নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের মাওঃ জালাল উদ্দিনের পুত্র মাওঃ বদর উদ্দিন। আমি দীর্ঘদিন যাবৎ পালাহার আমলীতলা বাজারে ইট, রড, সিমেন্ট ও মসলার ব্যবসা করে আসছি। পাশাপাশি তাড়াইল উপজেলার একটি মসজিদে খতিবের দায়িত্বও পালন করে আসছি। এই সুবাদে তাড়াইল উপজেলার কয়েকজনের সঙ্গে আমার একটি সুসম্পর্ক গড়ে ওঠে। তাই তারা আমার ব্যবসায় শেয়ার হতে আগ্রহ প্রকাশ করে। পরে আমি তাদেরকে আমার ব্যবসায়ী শেয়ার হিসেবে অংশীদার হিসেবে নিই এবং ব্যবসা চলাকালীন সময়ে তাদের সঙ্গে সঠিকভাবে লেনদেন হয়।
বিগত সরকারের আমলে হঠাৎ আমার মসলা ব্যবসার একটি চালান জব্দ হয়ে যায় এবং এতে কোটি টাকা আটকে যায়। বিধায় আমার শেয়ারহোল্ডারদের সঙ্গে কিছুদিন লেনদেন বন্ধ থাকে।
এই সুযোগে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করার উদ্দেশ্যে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে, এবং সংবাদ প্রকাশে আমার কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি।
প্রকৃতপক্ষে, তারা আমার ব্যবসায়ী শেয়ারহোল্ডার। অথচ আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় আমরা সামাজিকভাবে বিব্রত ও মানহানির শিকার হয়েছি।
আমি প্রকাশিত এসব সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে মানহানিকর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য।
ভবিষ্যতে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিবেদক
মাওঃ মোহাম্মদ বদর উদ্দিন
পিতা: মাওঃ জালাল উদ্দিন।
