রূপগঞ্জে অটোচালককে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগটাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দাবি, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পলাশ চন্দ্র সেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাকিব খান নামে এক অটোচালককে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মাথা, হাত, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে দাবি করেছেন তার বাবা মো. আবু মিয়া।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের মুগড়াকুল এলাকার বসন্ত ভিলার পাশে যাত্রী নিয়ে অপেক্ষা করছিলেন শাকিব খান। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা শাকিবকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত শাকিবের বাবা মো. আবু মিয়া।

এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *