৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার, সামারি ট্রায়ালের অভিযুক্ত ১০ জনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন মাদক মামলার আসামি, ১০ জন সামারি ট্রায়ালের অভিযুক্ত, একজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং একজন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া, বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক মামলার আসামি ইমরান (২৩) ও শাহনাজ (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে রায়হান (২৪), বাপ্পি (৬৪), শরীফ (২৯), মোঃ আরিফ হোসেন (২৬), আলাল (৩৮), হৃদয় (২৫), মোঃ হাবিবুর রহমান (২৭), জুয়েল (২৭), মোঃ সুজন মিয়া (২২) ও জিসান খান (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাবু হোসেন এবং পূর্বের অন্যান্য মামলার আসামি কবির হোসেন (৫১)-কেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।