সিএমপির কাউন্টার টেরোরিজম ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযান | উদ্ধার ১৩৪ মোবাইল, ৫৭ ল্যাপটপসহ বিপুল সরঞ্জাম
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি আভিযানিক দল খুলশী থানা পুলিশের সহায়তায় কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই কথিত অনলাইন প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রায় দেড় মাস আগে কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে কথিত প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংঘবদ্ধ চক্রের দেশি-বিদেশি সহযোগী থাকার তথ্য
পুলিশের দাবি, বাংলাদেশে তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য দেশীয় ও বিদেশি কয়েকজন সহযোগী বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা দিয়ে আসছিল। তাদের মধ্যে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা ও তাদের পলাতক সহযোগীরা পরস্পরের যোগসাজশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংঘবদ্ধভাবে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং আইনানুগ কর্তৃত্ববহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধ সংঘটন করে আসছিল।
বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম উদ্ধার
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রনিক ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—
- বিভিন্ন ব্র্যান্ডের ১৩৪টি ব্যবহৃত মোবাইল ফোন
- ১টি Apple ট্যাব
- বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি ল্যাপটপ
- ১টি সাদা রঙের CPU
- ১টি Samsung মনিটর
- ১টি কিবোর্ড
- ১টি মাউস
- ১টি কালো রঙের প্রিন্টার
- বিভিন্ন ব্র্যান্ডের ৫টি পেনড্রাইভ
- বিভিন্ন কোম্পানির ৪টি সিমকার্ড
- ৩টি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র
- ১টি Cambodian Employment Card
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে কথিত সংঘবদ্ধ চক্রটির সঙ্গে জড়িত দেশি-বিদেশি অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
