কক্সবাজারে একই সড়কে একদিনে দুইবার ডাকাতি, কবলে ৫০ এর বেশি যানবাহন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি এলাকায় একদিনে দুইবার ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে মুখোশধারী ডাকাত দলের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন। এ সময় যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ডাকাতির শিকার যানবাহনের বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ডাকাতদের কবল থেকে পালিয়ে আসা রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচ যাত্রী ঈদগাঁও থেকে ঈদগড়ের দিকে যাচ্ছিলেন। পথে হিমছড়ি ঢালায় পৌঁছালে হঠাৎ মুখোশধারী ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। প্রাণ বাঁচাতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে অন্য যাত্রীদের কী হয়েছে, তা জানতে পারেননি।

এদিকে, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

একই সড়কে দিনের আলোতে একদিনে দুইবার ডাকাতির ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কটিতে নিরাপত্তা জোরদার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *