শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান

দৈনিক দেশ সংবাদ ডেস্কঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলা সফর করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) তিনি মানিকগঞ্জ সদর ও ঘিওর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন কার্যক্রমের শুরুতে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে তিনি বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল এবং পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি এবং পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন ডিআইজি। পূজার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া এবং যান চলাচল স্বাভাবিক রাখার ওপর জোর দেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তদারকি ও নিরাপত্তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: মিডিয়া সেল, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *