সাভার প্রতিনিধি: অটোরিকশাচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে সাভারের আশুলিয়ায় অস্ত্র বেচাকেনার সময় তিনজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী শুটার সাদ্দামের সহযোগী।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার একটি গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জহুরুল, আলভী ও মামুন। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা কিছুদিন আগে জামিনে কারামুক্ত হওয়ার পর আবারও অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি আউকপাড়া এলাকায় শুটার সাদ্দামের পক্ষে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন তারা।
পুলিশ জানায়, এর আগে এসআই মো. শাহাদত হোসেনের নেতৃত্বে একাধিকবার অভিযান চালানো হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্তরা। পরে তাদের আটক করতে ভিন্ন কৌশল নেয় গোয়েন্দা পুলিশ।
পরিকল্পনা অনুযায়ী, রোববার সন্ধ্যায় ডিবির সদস্যরা সাধারণ অটোরিকশাচালকের ছদ্মবেশ ধারণ করেন। কারও পরনে ছিল লুঙ্গি, যাতে সন্দেহের সৃষ্টি না হয়। এরপর কৌশলে গ্যারেজে প্রবেশ করে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। একপর্যায়ে কথিত অস্ত্র বেচাকেনার সময় তিনজনকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই মো. শাহাদত হোসেন বলেন, “মাদক, অস্ত্র ও চোরাকারবারিদের কোনো ছাড় নয়। যাদের আটক করা হয়েছে, তারা চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তাদের ধরতে একাধিকবার ফাঁদ পেতেও ব্যর্থ হয়েছিলাম। অবশেষে চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে। ঢাকা জেলা উত্তর অঞ্চলের নিরাপত্তায় ডিবি পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইদুর ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রকে আটকের চেষ্টা চলছিল। অবশেষে পরিকল্পিত অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অস্ত্র উদ্ধার ও আটকের ঘটনায় এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।