নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে মাদকদ্রব্যসহ মোট ৭১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা পুলিশ নিজ নিজ এলাকায় মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্যমতে, সদর মডেল থানায় অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। এছাড়া ৯ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানায় অভিযানে ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আড়াইহাজার থানায় অভিযান চালিয়ে ৬ জন মাদকসেবী এবং রূপগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সাতটি থানায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
