আসিফ আহমেদ রানা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা ও আর্থিক নির্যাতনের অভিযোগ তুলে এক নারী ক্ষিপ্ত হয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালে ওই দম্পতির মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও সাবেক স্বামী নিয়মিত ওই নারীর বাসায় যাতায়াত করতেন। সম্প্রতি তিনি অন্য এক নারীকে বিয়ে করলেও সাবেক স্ত্রীর বাসায় যাতায়াত অব্যাহত রাখেন বলে জানা গেছে।
অভিযুক্ত নারীর অভিযোগ, বিচ্ছেদের পর সাবেক স্বামী তাঁর কোনো ভরণপোষণ দিতেন না। বরং তাঁর উপার্জিত অর্থের জন্য চাপ সৃষ্টি করতেন। ঘটনার রাতে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হলে তিনি আত্মরক্ষার্থে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান বলে দাবি করেছেন।
ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
