মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জেলা যুবদল নেতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে কোনো ধরনের ‘গডফাদার’ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পশ্চিম মাসদাইরে মরহুম সুলতান ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রনি বলেন, নারায়ণগঞ্জ ও নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক কিংবা সামাজিক প্রভাব ব্যবহার করে কেউ যেন অপরাধের আশ্রয়-প্রশ্রয়ের কেন্দ্র হয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। তাদের প্রথম ও দ্বিতীয় বিভাগসহ জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের প্রশংসা করে রনি বলেন, উপস্থিত অনেক নেতাকর্মী দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাদের তিনি ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকিরের সভাপতিত্বে ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সাবেক সহসভাপতি মাসুদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
