নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট সংলগ্ন এলাকা থেকে শুভ দাস (নাম) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ কিংবা জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
