খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রীপুরে খামারিদের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি:
পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন প্রান্তিক খামারিরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ফুটওভার ব্রিজের নিচে বাংলাদেশের প্রান্তিক পোলট্রি খামারি ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় ‘খামারি বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানে মানববন্ধন করেন খামারিরা। পরে মানববন্ধন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

অবরোধের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

বিক্ষোভকারীরা বলেন, পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রান্তিক খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক খামারি লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।

তারা দ্রুত পোলট্রি ফিডসহ খামারের খাদ্যের দাম কমানো এবং খামারিদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

পরে পোলট্রি ফিডের দাম কমানোর জন্য সংশ্লিষ্টদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান খামারিরা। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *