নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল এবং অতিরিক্ত বিল আদায়ের প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটি, দোকান মালিক সমিতি ও নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।
গণঅনশনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটার স্থাপনের পর সাধারণ গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে। অতিরিক্ত বিল ও নানা ভোগান্তির অভিযোগও রয়েছে। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া যাবে না।
তারা আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে। অন্যথায় ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকারকে নিতে হবে।
দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবিটি জাতীয় সংসদে উত্থাপনের চেষ্টা করব। আশা করি, আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে।’
কর্মসূচিতে বক্তারা প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
