নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভারী ফার্নিচারের নিচে চাপা পড়ে ফাইজা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা গেছে, রহিম মেম্বারের অফিসের সামনে মো. দৌলত খান দেলোয়ারের মালিকানাধীন ‘ভাই ভাই ফার্নিচার’ দোকানে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা পোশাকশ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।
নিহত শিশুর বাবা ফরহাদ জানান, বিকেলে তিনি মেয়ে ফাইজাকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যান। একপর্যায়ে দোকানের কর্মচারীরা তাকে ডাকলে তিনি দোকানের বাইরে চলে যান। এ সময় ফাইজা হামাগুড়ি দিয়ে বাবার কাছে আসার চেষ্টা করছিল। হঠাৎ একটি ভারী ফার্নিচার শিশুটির ওপর পড়ে যায়। বাবার চোখের সামনেই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। রাত ৮টা পর্যন্ত শিশুটির দাফন কার্যক্রম চলছিল বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
