সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার ৩ নম্বর আসামি সাব্বির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাব্বির ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা সাহেব আলীকে (৪০) লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা সেখানেও তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাহেব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এসআরবি-১১-এর সিপিএসসি ইউনিটের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করে।

এসআরবি-১১-এর লেফটেন্যান্ট কর্নেল হানিন আল তুরাবি জানান, গ্রেপ্তার সাব্বিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *