ঢাকার চারপাশের নদী পরিদর্শনে নারায়ণগঞ্জে আসছেন মুখ্য সচিবসহ তিন প্রতিমন্ত্রী

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে নদীর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনে নারায়ণগঞ্জে আসছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ তিন প্রতিমন্ত্রী।

বুধবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত ‘রাজধানী ঢাকার চারপাশে নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক কার্যক্রম সংক্রান্ত কেন্দ্রীয় সেলের সদস্যরা এ পরিদর্শন করবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান দপ্তর থেকে ২৫ আগস্ট জারি করা এক নথিতে এ পরিদর্শন সূচি জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টায় আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে স্পিডবোট অথবা কেবিন ক্রুজারে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ হয়ে নারায়ণগঞ্জ নদী বন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় নদীর উভয় পাড়ের ওয়াকওয়ে, ল্যান্ডিং স্টেশন, ওয়াটার বাস স্টেশন, সদরঘাট টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা এবং নদীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিনিধি দল নারায়ণগঞ্জ নদী বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকাস্থ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

নদীর দূষণ নিয়ন্ত্রণ, নদী সংরক্ষণ এবং ঢাকার চারপাশের নৌপথ ও নদীতীরবর্তী বিভিন্ন স্থাপনার বর্তমান অবস্থা পর্যালোচনার লক্ষ্যেই এ সরেজমিন পরিদর্শনের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *