কাঁচপুরে যাত্রীবাহী বাসে ৯ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আটকরা হলেন—নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে বাসচালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই থানার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে বাসের হেলপার মো. সালাউদ্দিন (২২)।

পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল জানতে পারে, নোয়াখালী থেকে বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তামিম নার্সারির সামনে চেকপোস্ট বসানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি লাল-সবুজ রঙের এসি বাসের গতিরোধ করে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

পরে তাদের দেখানো মতে বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্সে থাকা একটি নীল রঙের কাপড়ের ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে তিনটি এক কেজি ওজনের এবং তিনটি দুই কেজি ওজনের পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো কালো স্কচটেপ ও নীল পলিতে মোড়ানো ছিল।

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৯ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *