ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করেছে সরকার।
বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নবনিযুক্ত সভাপতিকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল পুরান ঢাকাসহ আশপাশের এলাকার লাখো মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য হাসপাতালটির গুরুত্ব অপরিসীম। হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো, অবকাঠামো ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করব। মানুষের প্রত্যাশা পূরণে হাসপাতালটিকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসাসেবা যেন আরও সহজ, মানসম্মত ও সবার জন্য নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
