নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ৩ মামলার আসামি রাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালান।

এ সময় বাড়িটির ভাড়াটিয়া মোজাম্মেল হক রাজনের কক্ষ থেকে ‘MADE IN USA’ খোদাই করা ম্যাগাজিনযুক্ত একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রাজন ১ নম্বর বাবুরাইলের ঋষিবাড়ী সংলগ্ন এলাকার সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে।

পুলিশ জানায়, রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *