সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ যত বড়ই হোক—কাউকে ছাড় নয়: ইমদাদুল হক ,ওসি,সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানে পুলিশ, চিরুনি অভিযানে আতঙ্কে অপরাধী ও সেল্টারদাতারা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ডাকাতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। অপরাধী যত প্রভাবশালী কিংবা যত বড়ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না—এমন বার্তা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক।

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় কথিত ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকেই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের তৎপরতা এবং শুরু হয়েছে ব্যাপক অভিযান।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় জড়িতদের পাশাপাশি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগিতা করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি মাদক, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে অপরাধীদের দৌরাত্ম্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। পুলিশের ওপর হামলার ঘটনার পর সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে—কারা এসব অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে এবং তাদের পেছনে কারা রয়েছে?

পুলিশ বলছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুধু গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অপরাধীদের সহযোগী, আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষকদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের সেল্টার দিয়ে কেউ পার পাবে না—এমন কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি ইমদাদুল হক বলেন, “সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা অপরাধী যত বড়ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতে চলবে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে।”

এদিকে পুলিশের এমন কঠোর অবস্থানে স্বস্তি ফিরছে স্থানীয়দের মধ্যে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা—অভিযান যেন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে সীমাবদ্ধ না থেকে পুরো অপরাধচক্র, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কার্যকরভাবে পরিচালিত হয়।

পুলিশের দাবি, সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই শক্তিশালী হোক, আইনের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই—এমন বার্তাই এখন স্পষ্ট করে দিচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *