স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ভবনটিতে তল্লাশি চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
