চট্টগ্রামে মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।শনিবার (১০ অক্টোবর) মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে মুখোশ পরে ওই বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এছাড়া ডাকাতেরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মনিটর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

ভুক্তভোগী পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি (শাবল) দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতেরা। পরে স্বর্ণালঙ্কার, মুঠোফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *