সামান্য স্বর্ণের দোকান থেকে কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ, চুরি-ডাকাতির স্বর্ণ কেনাবেচা ও জমি দখলে সন্ত্রাসী বাহিনী ব্যবহারের অভিযোগ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘিরে আলোচনায় উঠে এসেছে স্বর্ণ ব্যবসায়ী শাহীন নামে এক ব্যক্তির নাম। স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, সামান্য একটি স্বর্ণের দোকান দিয়ে ব্যবসা শুরু করলেও অল্প কয়েক বছরের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। তাঁর এই সম্পদ অর্জনের উৎস এবং ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
অভিযোগ রয়েছে, স্বর্ণ ব্যবসার আড়ালে অবৈধ স্বর্ণ চোরাচালান, ডাকাতি ও ছিনতাইয়ের মাধ্যমে লুট হওয়া স্বর্ণালংকার কেনাবেচা এবং চোরাই স্বর্ণের ব্যবসার সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। শুধু স্বর্ণ কেনাবেচাই নয়, অধিক মুনাফার লোভে অপরাধজগতের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় প্রভাব বিস্তার এবং জমি দখলের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, শিমরাইল ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। এসব অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ বিরাজ করছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত ও প্রামাণ্য তথ্য যাচাই করা জরুরি।
সম্প্রতি সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের মতো জনবহুল এলাকায় একটি বসতবাড়ি বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় আসে স্বর্ণকার শাহীনের নাম। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী কায়দায় বাড়িটি ভেঙে জমি দখলের চেষ্টা করা হয়। জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রশ্ন উঠেছে, একজন স্বর্ণ ব্যবসায়ী কীভাবে অল্প সময়ের মধ্যে এতটা প্রভাবশালী হয়ে উঠলেন? তাঁর বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ চোখে পড়ছে না? কার আশ্রয়-প্রশ্রয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছেন—এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত ও যাচাই-বাছাই শেষে অচিরেই দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাওয়া যাবে।
এখন স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত করে স্বর্ণকার শাহীনের কথিত অবৈধ সম্পদের উৎস, চোরাই স্বর্ণের কেনাবেচা, অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং হিরাঝিলের বাড়ি ভাঙচুর ও জমি দখলের ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে প্রশাসন।
প্রশ্ন একটাই—শিমরাইলের স্বর্ণকার শাহীনকে ঘিরে ওঠা অভিযোগগুলোর পেছনের প্রকৃত সত্য কী?