এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে

খেলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর কোচিং পেশায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সফলতম ব্যাটার কেন উইলিয়ামসন। এসএ২০ টুর্নামেন্টের ২০২৭ আসরের জন্য ডারবান সুপার জায়ান্টস দলের প্রধান কোচ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন দলের দায়িত্বে থাকা ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন এই কিউই তারকা।

এর আগে খেলোয়াড় হিসেবে এসএ২০ টুর্নামেন্টের দুটি মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। আসরটির দুই মৌসুমে ১৫টি ম্যাচ খেলে তিনি মোট ৩৪৩ রান সংগ্রহ করেন। পরবর্তী মৌসুমের জন্য তাঁকে খেলোয়াড় হিসেবে ধরে রাখলেও ফ্র্যাঞ্চাইজিটি এবার তাঁকে মাঠের বাইরে দলের কৌশল নির্ধারণের মূল দায়িত্ব দিচ্ছে।

গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই ক্রিকেটীয় আঙিনায় নিজের নতুন ভূমিকা তৈরি করে চলেছেন তিনি। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রধান কোচের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

ডারবান সুপার জায়ান্টসের ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে যৌথভাবে দলের পরিকল্পনা বাস্তবায়ন করবেন নতুন প্রধান কোচ। এছাড়া কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে রায়ান কুক, পেস বোলিং কোচ হিসেবে ভারত অরুণ এবং স্পিন বোলিং কোচ হিসেবে কার্ল ক্রো দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলে ২০২৭ মৌসুমের অভিযান শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *