নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

সারাদেশ ডেস্ক: খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক পরিবেশ স্থিতিশীল রাখার অংশ হিসেবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

অভিযুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম এবং সহযোগী অধ্যাপক মোড় হারুন-অর-রশীদ। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে গোপন রাজনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির নানা পরিকল্পনার অভিযোগ উঠেছিল। বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারা ক্যাম্পাসে নিজেদের প্রভাব বিস্তার এবং পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই দুই শিক্ষককে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার কথা বলা হয়েছে, অন্যথায় তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

কলেজ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকে এই শিক্ষকরা বিভিন্ন নাশকতামূলক ও অস্থিতিশীল কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। বিশেষ করে আসন্ন দিনগুলোতে ক্যাম্পাসে বড় ধরনের নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তারা বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলের পক্ষ থেকে এমন অভিযোগ ওঠার পর শিক্ষা মন্ত্রণালয় দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *