খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

কাজী আতিক, খুলনা প্রতিনিধি:

খুলনায় অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ ঘটনায় শহিদুল ইসলাম সিজান (২৬) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মালিক বলে সন্দেহ করা হচ্ছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল।

অভিযানকালে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। ওই মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের বলে প্রাথমিকভাবে ধারণা করছে অভিযান পরিচালনাকারী দল।

এসআরবি ফোর্সের উপস্থিতি টের পেয়ে সিজান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানানো হয়েছে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়। পলাতক শহিদুল ইসলাম সিজান, পিতা-মৃত শাহজাহান সিকদার, সাং-টুটপাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।

অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *