মসজিদের নাম ভাঙিয়ে বালু ভরাট, জমি দখল ও প্লট বিক্রির পাঁয়তারা—অভিযোগ চরধলেশ্বরীতে

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরধলেশ্বরী এলাকায় মসজিদের নাম ভাঙিয়ে বালু ভরাট করে জমি দখল ও প্লট আকারে বিক্রির পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরউদ্দিন হাজীর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট চরধলেশ্বরী এলাকায় বালু ভরাট কার্যক্রম চালাচ্ছে। ওই সিন্ডিকেটে কলাগাছিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল মেম্বার, তাজ মেম্বার, রবিন শা ও আল-মামুনসহ আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ রয়েছে, মসজিদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করা হচ্ছে। এর আড়ালে বিভিন্ন জায়গায় বালু ফেলে জমি ভরাট করে পরবর্তীতে তা প্লট আকারে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থ হাসিলের চেষ্টা করে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বালু ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, জমির মালিকানা ও ব্যবহারের বৈধতা এবং মসজিদের নামে সংগৃহীত অর্থ বা জমি কীভাবে ব্যবহৃত হচ্ছে প্রশাসনের কাছে এসব বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চলায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। ফলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *