নেত্রকোণায় ৩,৬২০০০ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ১

জেলার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নেত্রকোণা শাখা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার টাকা। 

গ্রেপ্তারকৃত জামাল মিয়া জেলার দুর্গাপুর উপজেলার কুলাগড়া ইউনিয়নের নলজুড়া গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুন দম্পতির পুত্র। 

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম আজ দুপুর ১টা থেকে দুপুর ২টা ২০ মিনিটের মধ্যে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারস্থ ইদ্রিস মিয়ার মুদি দোকানের পূর্ব পাশে শ্যামগঞ্জ-দুর্গাপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯০৫ পিস ইয়াবাসহ জামাল মিয়াকে আটক করা হয়।

তিনি জানান, অভিযানে জিপারযুক্ত সাদা রঙের পলি প্যাকেটে খাঁকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ৯০.০৫ গ্রাম ওজনের ৯০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া আসামির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ১টি সিমযুক্ত বাটন মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের সর্বমোট অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *